এ মুহূর্তে চলছে তীব্র দাবদাহ। গরমের তপ্ত রোদে ত্বক তন্দুরির মতো ঝলসে যাওয়া খুব সাধারণ একটি সমস্যা। গরমে একেবারে নাজেহাল অবস্থা। কড়া রোদে বাইরে বেরোলে ত্বকের অবস্থা তথৈবচ। মুখের চামড়া যেন ঝলসানো তন্দুরি। তবে কিছু সহজ ঘরোয়া মন্ত্র মেনে চললে আপনার ত্বক থাকবে শীতল ও সতেজ।
প্রচণ্ড গরমেও ত্বক শীতল ও সতেজ রাখতে চাইলে আপনাকে এই পাঁচ টিপস মেনে চলতেই হবে।
১. রোদে বেরিয়ে যখন প্রাণ ওষ্ঠাগত, ঠিক তখনই আপনার ত্রাতা হতে পারে ঘরোয়া ‘ফেসিয়াল মিস্ট’। শসা আর অ্যালোভেরা জেল পানির সঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। রোদে যখন মুখ জ্বালা করবে, স্রেফ কয়েকবার স্প্রে করে নিন। মুহূর্তের মধ্যে ত্বকের প্রদাহ কমবে, ফিরবে হারিয়ে যাওয়া জেল্লাও।
২. রোদে বেরোচ্ছেন অথচ সানস্ক্রিন মাখেননি— এ তো বিনা ছাতায় বৃষ্টির মধ্যে হাঁটার মতো বোকামি! এসপিএফ ৩০ বা তার বেশিমাত্রার সানস্ক্রিন আপনার ত্বকের জন্য একটা অদৃশ্য দেয়াল তৈরি করে। ফলে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি আপনার ত্বকের কোনো ক্ষতি করতে পারবে না। মনে রাখবেন, রোদ থেকে বাঁচতে সানস্ক্রিনের চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না।
৩. গরমের দিনে একটু বুঝেশুঝে সাজগোজ করাই বুদ্ধিমানের কাজ। কড়া রোদ থেকে বাঁচতে বেছে নিন হালকা রঙের সুতি বা লিনেন পোশাক। এতে বাতাস চলাচলের সুযোগ থাকে। এর পাশাপাশি খুব ভারি মেকআপ এড়িয়ে চলুন। কারণ ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে গেলে হিতে বিপরীত হতে পারে। তাই যতটুকু প্রয়োজন, ততটুকুই মাখুন। তন্দুরি নয়, গরমেও ত্বক থাকবে শিমলার মতো কুল! ৪. আপনার কাজের ফাঁকেই মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। এতে ত্বকের কোষ শীতল থাকবে। সঙ্গে রাখুন হালকা কোনো ফেসওয়াশ। অফিস হোক কিংবা রাস্তা— যখনই সুযোগ পাবেন পানি দিয়ে ধুলোবালি আর তেলের আস্তরণ সরিয়ে ফেলুন। ত্বক বলবে— আহ কী শান্তি!
৫. রান্নাঘরেই আছে লুকিয়ে রূপটানের আসল রহস্য। একটা শসা কুড়ে নিয়ে তাতে সামান্য ঠান্ডা দুধ মিশিয়ে একটা ফেসমাস্ক তৈরি করে নিন। সপ্তাহে দুতিন দিন এটা মাখুন। এতে ত্বকের র্যাশ বা ব্রণের সমস্যা চিরতরে দূর হবে। এই প্রাকৃতিক মাস্ক আপনার ত্বককে এতটাই শীতল রাখবে যে বাইরের গরম আর আপনাকে ছুঁতেই পারবে না।


